
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মোকামতলায় বিদেশী পিস্তল, সচল ম্যাগাজিন ও গুলিসহ ছামিউল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে লালমনিরহাট জেলার আদিতমারীর পশ্চিম দীঘলটারীর সুরত আলীর পুত্র।
২৩ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১২ টায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদে জানা যায় বুড়িমারী থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অস্ত্র বহন করছেন। তখন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোকামতলার একটি চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর দিবাগত রাত সোয়া ১ টার দিকে রংপুর থেকে পিংকি পরিবহনের একটি বাস আসে। তখন বাসটি মহাসড়কের পাশে থামাতে নির্দেশ দেওয়া হয়। বাসটি তল্লাশি করার জন্য গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে মোড়ানো দুইটি সচল বিদেশী আগ্নেয়াস্ত্র পিস্তল, চারটি লোহার তৈরি সচল ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উউদ্ধার করা হয়।

প্রতিবেদক 




















