
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সুজালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম তপন কুমার দেবনাথ (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের শ্রীপতিপুর এলাকার চেংটু দেবনাথের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাঘাটা থানার মামলা নম্বর ২৪/১০৪-এর তদন্তের ধারাবাহিকতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তপন কুমার দেবনাথকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বিষয়ে পুলিশ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে। এ সময় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তার হেফাজত থেকে পাওয়ার তথ্যও পাওয়া গেছে। তবে সাঘাটা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে সংঘটিত চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তপন কুমার দেবনাথকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর, রাউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা-উপকরণ চুরির ঘটনায় বিদ্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবান সরঞ্জাম রক্ষায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

প্রতিবেদক 



















