
স্টাফ রিপোর্টারঃ সরকারি হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সরকারের উদ্যোগের অংশ হিসেবে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন কবিরাজ জানান, গত ১ জুলাই থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। তারা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের শৃঙ্খলাবদ্ধভাবে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করছেন।
আনসার দলের দলনেতা (পিসি) আব্দুল আলীম বলেন, রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, আনসার সদস্যদের তৎপরতায় বহির্বিভাগে রোগীদের সারিবদ্ধভাবে সেবা গ্রহণ নিশ্চিত হচ্ছে। এতে বিশৃঙ্খলা কমেছে এবং সেবার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন রোগীরা।

প্রতিবেদক 




















