
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করার অভিযোগে দু’জনকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাদেরকে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টা থেকে ১০টার মধ্যে সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় কলাগাছী এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে সোনাতলা থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক ও সোনাতলা থানার ওসি মিলাদুন নবী স্বর্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জেন্ট।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে অসুস্থ গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস প্রসেসিং করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী পিন্টু মোল্লা (৪০), এবং মোঃ শিহাব হোসেন (২৫) উভয়কে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ডের আদেশও দেন আদালত।
এসময় জব্দকৃত মাংসগুলো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশ থাকে যে এর আগেও উপজেলার চরপাড়া বাজার সৈয়দ আহমেদ কলেজ সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করে থাকে উপজেলা প্রশাসন।

প্রতিবেদক 




















