
স্টাফ রিপোর্টার, বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নারী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে গত ২৭ আগস্ট সোনাতলা থানায় মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মহিদুল ইসলাম (৪২) সোনাতলা উপজেলার হরিখালী সংলগ্ন পশ্চিম তেকানী গ্রামের মৃত কুদ্দুস মণ্ডলের ছেলে। তিনি ভুক্তভোগী নারীর প্রতিবেশী।
ভুক্তভোগী নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। স্বামীর পাঠানো টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উত্তোলনের জন্য ওই নারী প্রায়ই মহিদুল ইসলামের কাছে যাতায়াত করতেন। এ সুযোগে মহিদুল ওই নারীর প্রতি কু-দৃষ্টি দেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ডিসেম্বর মাসে বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিদুল জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং বর্তমানে আট মাসের গর্ভবতী।
ঘটনার পর ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক 




















