
ডেস্ক রিপোর্টঃ সোনাতলা উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবনের পর রাকিব হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহেশপাড়া গ্রামের কৃষক ফুলবাবুর ছেলে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাকিব হোসেন কৃষক পরিবারের সন্তান। পরিবারের দাবি,তিনি কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। ঘটনার দিন মাদকের জন্য বাবার কাছে টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর গত ২২শে জুলাই বুধবার কামারপাড়া এলাকায় তার দাদার বাড়িতে সবার অগোচরে বাজার থেকে কেনা গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাকিব হোসেনের মৃত্যু হয়।
জানা গেছে, রাকিবের বাবা দীর্ঘদিন ধরে মহেশপাড়ায় তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন।সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত সহ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

প্রতিবেদক 




















