
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: শিশুদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে হাতধোয়ার নিয়ম ও কৌশল প্রদর্শন করা হয়েছে।
উপজেলার বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এ সময় অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি এবং নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে এসব রোগ থেকে সুরক্ষিত থাকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আমিরুল ইসলাম, বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন, এসকেএস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মো. শফিকুল ইসলাম এবং শিশুদের জন্য প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. জামাল উদ্দিন।
প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক কৌশল তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।
আয়োজকদের মতে, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার ও সমাজের মধ্যেও পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের ইতিবাচক মনোভাব তৈরি হবে।

প্রতিবেদক 


















