
মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকা রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়াতে রিকশা থেকে পড়ে বগুড়ার প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট/২৬) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষিকা মোছাঃ রনজিনা পারভীন বগুড়া গাবতলীর বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি উপজেলার তরফসরতাজ এলাকার আব্দুল মতিনের স্ত্রী।
জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসে ভোরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল নামেন তিনি। এরপর রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যাওয়া মাত্রই পেছন থেকে মোটরসাইকেলে এসে ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো ইনশাআল্লাহ। অপরদিকে শনিবার রাতেই তার লাশ বগুড়া মহানগরের রহমান নগর ভাড়া বাসায় আসলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। এলাকায় নেমে আসে ব্যাপক শোকের ছায়া। তার দীর্ঘদিনের সহকর্মী ও শিক্ষার্থীরা শেষ বারের মতো এক নজর দেখার জন্য ভিড় জমায় এবং কান্নায় ভেঙ্গে পড়ে। প্রথমে তার কর্মস্থল বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে তার বাড়ি গাবতলীর তরফসরতাজ এলাকায় তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, নশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদারসহ জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবেদক 




















