
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় লিচু চুরির অভিযোগ তুলে এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।নির্যাতনের শিকার শিশু আবু বক্কর সিদ্দিক (কাউছার)(১১)পীরব ইউনিয়নের সিহালী গ্রামের রুবেল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার পীরব ইউনিয়নের গ্লোবাল মডেল স্কুল সংলগ্ন এলাকায়।মামলা সূত্রে ও রুবেল মিয়ার মাধ্যমে জানাযায়,পীরব বাজার এলাকার এবিএম সাইফুজামান লোটাসের লিচুর বাগানে লিচু চুরির অভিযোগ এনে কাউছারকে আটক করা হয়। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং তার বুকের ওপর “লিচু চোর” লেখা স্টিকার সাঁটিয়ে প্রকাশ্যে অপমান ও নির্যাতন করা হয়।ঘটনার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নজরে আসে। তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনকে ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেন।
পরবর্তীতে অভিযোগের সত্যতা পাওয়ার পর শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পীরব এলাকার গ্লোবাল স্কুল সংলগ্ন বাড়ি থেকে অভিযুক্ত লোটাস মিয়া ও তার ছেলে সাদমান সাকিব সোয়াইবকে আটক করে থানায় নিয়ে যায়।এদিকে,ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া শিশুটির পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান নিজ অর্থে কেনা কয়েকশ লিচু শিশুটির হাতে তুলে দেন এবং স্নেহভরে তাকে লিচু খাইয়ে দেন। পাশাপাশি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা শিশুটি সহ তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর ঈদ উপহার ওই শিশুটির হাতে তুলে দেন। এ সময় উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।নির্যাতিত শিশুর বাবা রুবেল মিয়া অভিযোগ করে বলেন,লোটাস ভয়ংকর প্রকৃতির মানুষ।এর আগেও লিচু পাড়ার অভিযোগ তুলে অনেক শিশু ও সাধারণ মানুষকে নির্যাতন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন, তথ্য-প্রমাণের ভিত্তিতে লোটাস ও তার ছেলে সোয়াইবকে আটক করা হয়েছে। নির্যাতিত কাউছারের বাবা রুবেল মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছেন মামলা নং-৪২ । যাহা গত ২৫শে মে রাতে গ্রহণ করা হয়। পরদিন ২৬শে মে দুপুরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 




















