
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার সাবগ্রামে মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি দই উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি দই কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে বিএসটিআইয়ের মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রি-বিতরণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার বিষয়টি ধরা পড়ে।
এ সময় বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাবগ্রামের বিসমিল্লাহ দই ঘর অ্যান্ড সুইটসকে ২০ হাজার টাকা এবং রহমত দই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটিকে দ্রুত কারখানার পরিবেশ ও উৎপাদনব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নেওয়ার পরামর্শ দেন।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক জানান, জনস্বার্থে মানসনদবিহীন ও অননুমোদিতভাবে খাদ্যপণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















