
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের এরুলিয়া এলাকায় দিনমজুরের বাজারে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ৭আগস্ট শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়কে দিনমজুর ও শ্রমিকদের অস্থায়ী বাজার বসেছিল। শ্রমিকরা বিভিন্ন কাজে যাওয়ার অপেক্ষায় সেখানে অবস্থান করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ্ ফতেহ আলী পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু মানুষ গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মর্মান্তিক এ দুর্ঘটনার পর নিহতদের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তসহ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদক 




















