
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুষ্প রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) উপজেলার কইল ঠাকুরবাড়ি শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহ মন্দিরে রথযাত্রা আয়োজক কমিটির উদ্যোগে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটি জানায়, প্রতি বছর অগ্রহায়ণ মাসের উত্থান একাদশী তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, কীর্তন, সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রথযাত্রা আয়োজক কমিটির সভাপতি বিপ্লব কুমার চক্রবর্তী (বিল্ল) বলেন, “রথযাত্রা এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণই এর জনপ্রিয়তার প্রমাণ।” তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সবাই এ উৎসবে অংশ নেন। এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সব ভক্ত ও দর্শনার্থীকে রথযাত্রা ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগতের সৃষ্টিকর্তা ভগবানই জগতের অধীশ্বর। এই বিশ্বাস থেকেই ভক্তরা শ্রী শ্রী কালাচাঁদ বিগ্রহকে রথে স্থাপন করে এক মন্দির থেকে অন্য মন্দিরে টেনে নিয়ে যান।
রথযাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা সমবেত হন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।


প্রতিবেদক 


















