
গাবতলী প্রতিনিধিঃ বগুড়া বগুড়ায় ককটেল বিস্ফোরণে ১জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ২রা নভেম্বর রোববার বেলা ১টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামে ককটেল তৈরির সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ আতাউর রহমান সেলিম(৩৫)। স্থানীয়রা জানান,ওই গ্রামের মোছা. নাসিমা আক্তার(৪৫)স্বামী মুক্তার হোসেন,যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বাড়িতে কুমিল্লা থেকে আসা কয়েকজন লোক কয়েকদিন ধরে অবস্থান করছিলেন। সকালে তারা ককটেল তৈরি করার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। স্থানীয় বেশকিছু লোকজন জানান,ঘটনাস্থল থেকে পুলিশ ও এলাকাবাসী মিলে আহত সেলিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সূত্রমতে, উপজেলার মাঝবাড়ী গ্রামের একটি ডাকাত দলের সহযোগিতায় কুমিল্লা থেকে আসা ৩থেকে ৪জন ব্যক্তি স্থানীয় মাদক ও চোরাচালান চক্রের সঙ্গে মিলে বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। বিস্ফোরণের পর আরও ২–৩ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তারা জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক 




















