
বগুড়ার সোনাতলা উপজেলায় রাতের আঁধারে কাঁচা ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোজাহিদুল ইসলাম মিল্টন (৪৮) বাদী হয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ।
২৫ এপ্রিল শুক্রবার উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর আটকরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উত্তর আটকরিয়া গ্রামের মৃত আফসার আলী মন্ডল খোকার ছেলে জাহিদুল ইসলাম (৩০), মাহিদুল ইসলাম ও বাদী মোজাহিদুল ইসলাম মিল্টন (৪৮) সৎ ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়,২৫ এপ্রিল শুক্রবার রাতের অন্ধকারে কোন এক সময় জাহিদুল ও মাহিদুলসহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে মোজাহিদুল ইসলাম মিল্টনের জমির কাঁচা ধান কেটে নষ্ট করে ফেলে। সেই সাথে ওই ধানের জমি ছেড়ে না দিলে মিল্টন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষতি সাধন করবে বলে হুমকী-ধামকি প্রদান করে।
এ বিষয়ে মোজাহিদুল ইসলাম বলেন, ‘জাহিদুল ও মাহিদুল আমার পৈত্তিক ও কবলাকৃত জমি লাঠির ভয় দেখে জোড়পূর্বক ভাবে দখল করার চেষ্টা করতেছে। আমি জমিতে আসতে নিষেধ করলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ইতিপূর্বে এলাকার চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে প্রায় ১০ থেকে ১২ বার শালিস/দরবার করা হয়েছে। কিন্তু তারা শালিস না মেনে ওই জমি নিজেদের বলে দাবি করে’।
মিল্টন আরও বলেন, ‘তারা গ্রামের শালিস না মেনে, তারাই আদালতে মামলা করেছে। কিন্তু তারা আদালতের রায় নিয়ে আসতে পারেনি। তারা আদালতের রায় নিয়ে আসুক, আমি জমি ছেড়ে দিবো। কিন্তু এভাবে রাতের অন্ধকারে কাঁচা ধান নষ্ট করার কোনো মানে হয় না’।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কাঁচা ধান কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে সংশ্লিষ্ট অফিসার পাঠানো হবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

প্রতিবেদক 




















