
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ও চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশুকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩শে জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় অবস্থিত মকটেল আইল্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ডাঃ সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডাঃ সাফদার হোসেনের ছেলে। তিনি বর্তমানে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটিতে একটি জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মিশু। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, বগুড়া সদর থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি ডাঃ সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।পুলিশ সুত্রে আরো জানা যায়,বগুড়া সদর থানার মামলা নং-৭৭, তারিখ ২২শে অক্টোবর ২০২৫-এর এজাহারে ডাঃ মিশুর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা সহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারায় অভিযোগ রয়েছে।বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় ডাঃ মিশুর নাম রয়েছে।উল্লেখ্য,স্থানীয়ভাবে ডাঃ সামির হোসেন মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে ব্যাপক পরিচিত। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেন। চিকিৎসা ও সামাজিক অবদানের জন্য তিনি পুন্ড্র পদকেও ভূষিত হয়েছেন।

প্রতিবেদক 




















