
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের পুরান বগুড়া হিন্দুপাড়া এলাকায় ছাদের পানি নিষ্কাশনের পাইপ ভাঙাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন দুলাল চন্দ্র কর্মকার (৫৮) নামে এক ব্যক্তি। তিনি মৃত প্রভাশ কর্মকারের ছেলে।
তিনি অভিযোগে যাদের নাম উল্লেখ করেছেন,পুরান বগুড়া হিন্দুপাড়া এলাকার বিনয় মালাকারের ছেলে বিজয় মালাকার (৩০) ও জয় মালাকার (২৮), বিনয় মালাকার (৫৫) এবং তার স্ত্রী লিপি রানী মালাকার (৫০)।অভিযোগ সূত্রে জানা যায়,বসতবাড়ির পাইপ স্থাপনকে কেন্দ্র করে দুলাল চন্দ্র কর্মকারের সঙ্গে প্রতিবেশী অভিযুক্তদের কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। দুলাল চন্দ্র দাবি করেন, তিনি ক্রয়সূত্রে পাওয়া জমিতে ভবন নির্মাণ করে বসবাস করছেন। বাড়ির ছাদের পানি নিষ্কাশনের জন্য দক্ষিণ পাশে একটি পাইপ স্থাপন করা হয়েছিল। তবে ওই পাইপের পানি তাদের গেটের ভেতরে পড়ে—এমন অভিযোগ জানালে অভিযুক্তদের দেখানো স্থান অনুযায়ী তিনি পাইপটি সরিয়ে নেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫শে সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে দুলাল চন্দ্র বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার বসতবাড়ির ছাদের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে ক্ষতিসাধন করেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং রাস্তাঘাটে একা পেলে মারধর ও খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার বিষয়ে পুরান বগুড়া হিন্দুপাড়ার খগেন্দ্রনাথ সরকার সহ স্থানীয় আরও কয়েকজন অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় দুলাল চন্দ্র কর্মকার বগুড়া সদর থানায় অভিযোগ দিয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয় স্বীকার করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক 



















