
মুহাম্মাদ আবু মুসাঃ ২৫জুন বৃহস্পতিবার বগুড়ার বনানীতে গাক টাওয়ার প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় “জব ফেয়ার-২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জব ফেয়ার/২৬ উদ্বোধন করেন নবগঠিত সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের জব ফেয়ার যুব সমাজকে কর্মমুখী করতে এবং নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করা সম্ভব। তিনি তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন (ক্যাপষ্টোন ফেলো-এনডিসি) সভাপতির বক্তব্যে বলেন, গাক দীর্ঘদিন ধরে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। RAISE প্রকল্পের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতে কর্মরত ও কর্মপ্রত্যাশী জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। তিনি আরো বলেন, জব ফেয়ার/২৬ অনুষ্ঠানে ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ৬৫০ টি সিভি জমা হয় যার মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে আজকেই ১৪৮ জনের চাকুরী প্রদান করা হয় বাকীদের নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়াও চরাঞ্চলের ৩২ জন কৃষকদের মাঝে কৃষিযন্ত্রপাতি প্রদান করা হয়।
এই জব ফেয়ারে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ, সাক্ষাৎকারে অংশগ্রহণ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং সিভি রিভিউ সেবার সুযোগ গ্রহণ করেন। তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে গাক এর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















