
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেখতে পান। অভিযোগে বলা হয়, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে পোস্টটি পরে মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।
তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ পর্যন্ত অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদক 




















