
স্টাফ রিপোর্টারঃ বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে এবং প্রয়োজনীয় তথ্য ছাড়াই দই বিক্রি ও বিতরণের অভিযোগে বগুড়া শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন ও বিক্রি করছে। এছাড়া মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজন উল্লেখ না করে এবং খোলা পরিবেশে দই বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। এসব অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— লাবানুন চিনিপাতা দই (২৫ হাজার টাকা), এশিয়ান দই এন্ড সুইটস (১০ হাজার টাকা), বেস্ট কোয়ালিটি দইমিষ্টি (১০ হাজার টাকা) এবং এস কে সুপার (১০ হাজার টাকা)। মোট চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান ও তুষার সাহা। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

প্রতিবেদক 




















