
সুলতান আহম্মেদ (সাঘাটা) গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৭ নম্বর হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ওমর আলী সরকার। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেতা দলীয় সমর্থন পেলে নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
ওমর আলী সরকার বলেন, “দলীয় সমর্থন পেলে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। জনগণের পাশে থেকে হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে জানান। বিশেষ করে চরাঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা ও নাগরিক সেবা নিশ্চিত করাকে তিনি নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান বিষয় হিসেবে তুলে ধরছেন।
তার পরিকল্পনার মধ্যে রয়েছে—শিক্ষার প্রসার, খেলাধুলার সুযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা এবং মাদকের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ। একই সঙ্গে চরাঞ্চল ও সমতলের মানুষের মধ্যে বিদ্যমান সুযোগ-সুবিধার বৈষম্য কমিয়ে আনতে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
ওমর আলী সরকার বলেন, হলদিয়া ইউনিয়নের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের নাগরিক সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে চান। ইউনিয়নের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
নির্বাচনী রাজনীতিতে ওমর আলী সরকারের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। এর আগে তিনি দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন। এবার নতুন করে দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা করছেন তিনি।
রাজনীতিতে তার সম্পৃক্ততার বিষয়ে ওমর আলী সরকার জানান, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে ওমর আলী সরকার ভূমি জরিপের মাঠপর্যায়ে মৌসুমি সরদার (আমিন) হিসেবে কাজ করেছেন। ব্যক্তিজীবনে স্ত্রী, সন্তানসহ তার পরিবারে মোট সাতজন সদস্য রয়েছেন।
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যেও তাকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে। ইউনিয়নের সাধারণ ভোটার উজ্জ্বল ও মিন্টু মিয়া বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট হলে ওমর আলী সরকারের জয়ের সম্ভাবনা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।”
তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থিতা ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র দলীয় সিদ্ধান্ত, নির্বাচনী পরিবেশ এবং অন্যান্য প্রার্থীদের অবস্থানের ওপর নির্ভর করবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, ৭ নম্বর হলদিয়া ইউনিয়নের আয়তন ১১৯ দশমিক ১৪ বর্গকিলোমিটার, যা প্রায় ৪৬ বর্গমাইল। বিস্তীর্ণ এই ইউনিয়নে চর ও সমতল—দুই ধরনের জনপদ রয়েছে। ফলে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ নানা ইস্যু আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

প্রতিবেদক 




















