
মিহির কুমার সরকার,আদমদীঘিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের পাশে একটি মরিচ ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া গ্রামের আফাল প্রামাণিকের স্ত্রী মনিকা বেগম ও তার ছেলে রাব্বী হোসেনসহ কয়েকজন কৃষক মরিচ ক্ষেতে কাজ করছিলেন। বিকেলের দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বিকেল পৌনে ৬টার দিকে আকস্মিক বজ্রপাত হলে রাব্বী হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় তার মা মনিকা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ মর্মান্তিক ঘটনায় তেঁতুলিয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত রাব্বীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক 




















