
সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুত্তাজুল রহমান। তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা গুজব ছড়ানোর সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি সবাইকে গুজবে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কাইউম, সাঘাটা থানার তদন্ত ওসি মতিউর রহমান, সেকেন্ড অফিসার উজ্জ্বল, এসআই রফিকুল ইসলামসহ থানার বিভিন্ন পর্যায়ের এসআই, এএসআই ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগ পর্যন্ত নিয়মিত টহল, পথসভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিবেদক 




















