
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় পুকুরের পানিতে পড়ে আদিবা খাতুন নামে (২) বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত আদিবা খাতুন তালোড়া পৌর এলাকার লয়া মেঘা গ্রামের মোঃ এনামুল হকের মেয়ে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর দুপুর আনুমানিক ১২টার সময় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আদিবা বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় অসাবধানতা বসত সকলের অগোচরে বাড়ির নিকটে থাকা পুকুরের পানিতে পড়ে যায় ছোট্ট শিশু আদিবা। পরিবারের লোকজন আদিবা দেখতে না পেয়ে অনেক স্থানে খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে পুকুরের পানিতে আদিবাকে ভেসে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক আদিবা খাতুনকে মৃত ঘোষণা করে।
তালোড়া পৌর সভার ৫ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর রেহান সরকার মুকুল আদিবা পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক 




















