
সোনাতলা বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় শিক্ষার্থী সাব্বির হাসান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে নিহত সাব্বির হাসানের বাবা শাহিন আলম বাদী হয়ে সোনাতলা থানায় এ মামলা দায়ের করেন।
নিহত সাব্বির হাসান গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শাহিন মিয়া ও সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার শিক্ষার্থী।
মামলার বলা হয়েছে, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় ছাত্র-জনতা ও দুর্বৃত্তদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় একদল উচ্ছৃঙ্খল বহিরাগত যুবক স্থানীয় মেসার্স পার্বতী সেমি অটোরাইস প্রসেসিং সর্টার মিলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে পড়ে ওই স্কুলছাত্র নিহত হয়। এরপর ওই স্কুলছাত্রের স্বজনরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন কাজ সম্পন্ন করে।
থানা সুত্রে জানাগেছে মামলায় বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী ও তার ছেলে সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজল এবং সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লিটনসহ ২০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবেদক 




















