
শিমুল হাসান, (আদমদীঘি) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের গুদাম থেকে পুরনো লোহা চুরির ঘটনায় সংকেত অফিসের সুমন সরদার নামের এক খালাসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীর (সংকেত) কার্যালয়ের এসএসএই মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় উদ্ধার করা ১০০ কেজি লোহা জব্দ দেখানো হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে সংকেত অফিসের পার্শ্বে সুইচ কেবিনের গুদাম থেকে সংকেত অফিসের খালাসি সুমন সরদার রেলওয়ের কিছু মালপত্র (লোহা) চুরি করেন। গত সোমবার সন্ধ্যায় সেসব লোহা বস্তায় ভরে ভ্যানযোগে পৌর শহরের মালগুদাম মসজিদের পাশে একটি ভাঙ্গারি দোকানে বিক্রির উদ্দেশে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত মালগুদাম বিট সিপাহি মেহেদী হাসনাত মুন্না তাঁর গতিবিধি সন্দেহজনক দেখে বস্তা ও ব্যাগ তল্লাশি করতে চাইলে সুমন দৌড়ে পালিয়ে যান। পরে ১০০ কেজি মালপত্র উদ্ধার করা হয়।

প্রতিবেদক 




















