
শিমুল হাসান,, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে দিনের বেলা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের মুখে এক কলেজ ছাত্রীকে আবারো অপহরণ করেছে আগের অপহরণকারী। ২০ জানুয়ারি শনিবার বিকেল ৪ টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলওয়ে স্টেশন পাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে ২০২৩ সালে ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করেছিলো এই অপহরণকারী। ওই ঘটনায় একই এলাকার মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছিলো ছাত্রীর বাবা।
আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম স্টেশন পাড়ার ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের প্রথম পর্বের ছাত্রী।
গত বছর রাস্তা থেকে একই এলাকার মামুন ও তার সহযোগীরা মেয়েকে অপহরণ করে নিয়ে গেলে ২৩ জুলাই একটি মামলা করেন। মামলাটি বিচারাধীন আছে। মামলা করার পর থেকে মামুন ও তার লোকজন বিভিন্নভাবে হুমকি ধামকি দিত। এরই মাঝে ২০ জানুয়ারি শনিবার দুপুরের খাবারের পর পরিবারের সবাই বাড়িতে ছিলো। বিকেল ৪ টার দিকে মামুন ও তার সঙ্গিরা ১০ থেকে ১৫ টি মোটর সাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনের গলায় ধারালো অস্ত্র ধরে সকলের সামনে মেয়ের গলায় চাকু ধরে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মেয়েকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারের আশ্বাস দেন। ঘটনা তদন্তে যাওয়া থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রী উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

প্রতিবেদক 




















