
স্টাফ রিপোর্টারঃ বিএনপি পালানোর দল নয়,বিএনপি গণমানুষের দল। আগামীতে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে বেকার সমস্যার সমাধানে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন ৩৬- বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সোনাতলা পৌরসভার শহীদ সৈকত চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সোনাতলার প্রয়াত যুবনেতাদের স্মরণ করেন। অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে সংসদ সদস্য বলেন,গত ১৮ বছর ধরে মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।চাকরিতে পদায়ন সহ কর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন বলে তিনি মন্তব্য করেন। আগামীতে যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে কাজ করার কথাও জানান তিনি।
সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রাশেদুর রহমান হান্নানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান বাবু। এতে আরো উপস্থিত ছিলেন সোনাতলা পৌর যুবদলের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ হারুন।সমাবেশে সংসদ সদস্যের কন্যাও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

প্রতিবেদক 


















