
স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস (ট্রেন নং ৮০৯/৮১০)-এর যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সোনাতলা সহ আশপাশের এলাকার রেলযাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ খুলে গেল।
রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে বগুড়া জেলার সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে অনুমোদনের কথা জানানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত পত্রের পরিপ্রেক্ষিতে সোনাতলা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে মতামত নেওয়া হয়। যাত্রীচাহিদা ও মাঠ পর্যায় থেকে প্রাপ্ত মতামতের আলোকে সোনাতলা রেলওয়ে স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হয়েছে।এদিকে সোনাতলা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় রেলযাত্রী ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। তারা বলছেন,ট্রেনটির যাত্রাবিরতি চালু হলে সোনাতলা,সারিয়াকান্দি ও আশপাশের এলাকার মানুষের ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।স্থানীয়রা দীর্ঘদিন ধরে সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছিলেন।

প্রতিবেদক 



















