
মুহাম্মাদ আবু মুসাঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের চট্টগ্রাম ডিভিশনের সিলেট জোনের আউসকান্দী ও মাধবপুর এরিয়ার ১৪টি শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর/২৬ সিলেট সদরের উপশহরের গার্ডেন ইন-এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১৪টি শাখার এফও, এএও, বিএম, জেডএম, সিসি এবং ডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাক-এর পরিচালক (ঋণ কার্যক্রম) হুমায়ুন খালেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গাক এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন ক্যাপস্টোন ফেলো-এনডিসি, অন্যান্যদের মধ্য সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম এবং সিসি (ঋণ কার্যক্রম) মাসুদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন তাঁর বক্তব্যে সকল কর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং আর্থিক অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষ কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালন, মৎস্যচাষসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস, আর্থিক শৃঙ্খলা এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সমাবেশে ঋণ কার্যক্রমকে আরো গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার মাধ্যমে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিবেদক 




















