
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (৯ই সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, দুপচাঁচিয়া ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দুপচাঁচিয়ার মেসার্স মাতৃ জুয়েলার্স-কে ব্যবহৃত ওজনযন্ত্রের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকা এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাস্টারপাড়ার রিপন হোটেল-কে জিলাপি, সিঙ্গারাসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কাঁচামাল (হাইড্রোজ ও সাল্টু) ব্যবহার এবং অত্যন্ত নোংরা পরিবেশে মিষ্টি, খিরসা, সিঙ্গারাসহ অন্যান্য খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. প্রান্তজিত সরকার।
বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন, ওজন ও পরিমাপে অনিয়মসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















