
মুহাম্মাদ আবু মুসাঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা সীমা মিত্রকে বগুড়া সদর থানা পুলিশ আটক করেছে বলে জানা গেছে। শনিবার (২৯ আগস্ট/২৬) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরীর গোয়ালগাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, উপশহর পুলিশ ফাঁড়ি ও বগুড়া সদর থানা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে গোয়ালগাড়ি এলাকার একটি বাড়ি থেকে সীমা মিত্রকে আটক করে। স্থানীয় সূত্রের দাবি, বাড়িটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা রাহুল গাজীর সঙ্গে সংশ্লিষ্ট।
সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘Voice of 71’ নামের একটি প্ল্যাটফর্মে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সীমা মিত্রকে হেফাজতে নেয়।
এ ছাড়া সীমা মিত্রের ব্যবহৃত ‘Sima Mittro 71’ নামের একটি টিকটক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় সীমা মিত্রের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না কিংবা আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলীর সাথে কথা বলার জন্য চেষ্টা করা হলে সরকারি ব্যবহৃত মোবাইল ফোনটি রিসিভ করেননি।

প্রতিবেদক 




















