
স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি ও ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বগুড়া আঞ্চলিক কার্যালয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত বগুড়া শহরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি হওয়া সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি ও ওয়েট স্কেলের বৈধ ছাড়পত্র, এলসি নম্বর এবং পণ্যে বিএসটিআইয়ের লোগো রয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের বৈধ ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, পার্ক রোড মার্কেটে অভিযানকালে নকল ব্যাটারি পানি বিক্রির অভিযোগে দুইটি কোম্পানির ব্যাটারি পানির বোতল ধ্বংস করা হয়। এছাড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স মার্কেটের ১২টি ওয়েট স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের সরবরাহকারী সনদ বিএসটিআই থেকে নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সূত্রাপুরের গোহাইল রোড এলাকার তুবা মটরস, মোটো কিং, আরাফাত মটরস, মামুন মটরস ও মোটো গিয়ারে সার্ভিল্যান্স করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট) মো. শাহ আলম খান পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খানের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















