
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর (বটতলা) এলাকায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা সংকুচিত করে ঘর নির্মাণ, গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।
অভিযোগকারী মোঃ তাওসিন হোসেন (৩৬), শিহিপুর (বটতলা) গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের বসতবাড়ির উত্তর পাশে প্রতিবেশীদের বাড়ি। ওই বাড়ির পাশ দিয়ে যাওয়া পথই তাদের বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা।
অভিযোগে বলা হয়, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ীযে পরিমাণ রাস্তার জন্য ছাড়ার কথা ছিলো সে পরিমাণ জায়গা ছাড়া হয়নি। বিষয়টি জানানো হলে স্থানীয় চেয়ারম্যান থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে পুলিশের হস্তক্ষেপে নির্মাণকাজ সাময়িক ভাবে বন্ধ হলেও পরবর্তীতে আবারও নির্মাণকাজ শুরু হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারী আরও দাবি করেন, গত ১৫ জুন ২০২৬ তারিখে তিনি রাস্তা রেখে নির্মাণকাজ করার অনুরোধ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, মারধরের চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি ওই রাস্তা ব্যবহার করলে তার পা কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্য, রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় তাদের পরিবারের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে।এ বিষয়ে অভিযুক্ত মোস্তা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ঘর নির্মাণের বিষয়টি চেয়ারম্যান ও মেম্বার জানেন।রাস্তা সংকুচিত হয়ে মানুষের চলাচলে সমস্যা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এতে কিছু করার নেই। লোকজন কীভাবে তাদের বাড়িতে যাবে,সেটা তাদের ব্যাপার।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, বাড়ির শেষ প্রান্তে যেভাবে ঘর নির্মাণ করা হচ্ছে,তাতে ওই পথ দিয়ে স্বাভাবিকভাবে মানুষের চলাচল কঠিন হয়ে পড়বে। তাদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চলেন।এ বিষয়ে সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক 




















