
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়া-৩ (আদমদিঘী – দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য মোঃ আব্দুল মহিত তালুকদার বুধবার ১ জুলাই সকালে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত ও জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের লক্ষ্যে সরজমিনে পরিদর্শন করেছেন। জনসাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়নের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য দুপচাঁচিয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় ধাপ, নিমাইকোলা ও যোগিপোতা এলাকার রাস্তাঘাট সরজমিন ঘুরে দেখেন। একই সাথে তিনি চামরুল ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে যাতায়াত ব্যবস্থার নানা দুর্ভোগ ও দীর্ঘদিনের সমস্যা নিয়ে কথা বলেন।
রাস্তাগুলোর বর্তমান বেহাল দশা দেখেন এবং জনগণের কষ্টের কথা শুনে সংসদ সদস্য মোঃ আব্দুল মহিত তালুকদার (এমপি) অবিলম্বে এগুলো সংস্কারের আশ্বাস দেন। সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে কথা বলে রাস্তাগুলোর দ্রুত প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে টেকসই সংস্কার কাজ শুরু করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন বলে জানান। পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, গ্রামীণ জনপদের রাস্তাঘাটের উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এই ধারাবাহিকতায় বড় ধাপ, নিমাইকোলা, যোগিপোতাসহ চামরুল ইউনিয়নের রাস্তাগুলোর যে জরাজীর্ণ অবস্থা, তা দ্রুত নিরসন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন দর্শনের মূল কথাই হলো আমার গ্রাম-আমার শহর। আমরা গ্রামীণ প্রতিটি সড়ক যোগাযোগের আধুনিকায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই পরিদর্শন ও দ্রুত রাস্তা সংস্কারের প্রতিশ্রুতিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের আমেজ লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে এলাকাবাসী সংসদ সদস্য মোঃ আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন জানান।

প্রতিবেদক 




















