
মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাইদুল ইসলাম (৫০) মোকামতলা ইউনিয়নের চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিবব রহমানের ছেলে।
গ্রামবাসীরা জানান, বুধবার দিবাগত রাত ১২টার পর কাউকে কিছু না জানিয়ে সাইদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে জানতে পারেন মাঝপাড়া গ্রামে শ্বশুরবাড়ি সংলগ্ন কলা বাগানে তার লাশ পড়ে আছে।
সাইদুলের ছোট ভাই শাহিন জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বছর দুয়েক আগে তার ভাই পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর শ্বশুরের সাথে সম্পর্ক ভালো যাচ্ছিলো না।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আশিক ইকবাল জানান, খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রতিবেদক 




















