
স্টাফ রিপোর্টারঃ জেলা (গোয়েন্দা) পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে, গত মঙ্গলবার (১২ মে) দিন গত রাতে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে, এসআই আব্দুল কুদ্দুস ডিবির একটি চৌকস টিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে। শিবগঞ্জ উপজেলা গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মূল্যবান কষ্টি পাথরের তৈরী বিষ্ণুমূর্তি ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলেও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ রফিকুল ইসলাম (৫৪), গড়মহাস্থান দক্ষিণপাড়া। অপরজন হলেন, মোঃ নাহিদুর রহমান (৩২), বর্তমান সাং নিশিন্দারা পশ্চিমপাড়া, বগুড়া সদর। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১টি কষ্টি পাথরের তৈরী বিষ্ণুমূর্তি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৩০ কেজি ৭০০ গ্রাম।

প্রতিবেদক 




















