
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) দিবাগত ভোররাতে সান্তাহার রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারীর নাম মোছাঃ পারুল বেগম (৩৫)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার দিঘী ডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা এবং তার মায়ের নাম মাহমুদা আক্তার।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, পারুল বেগম তার স্বামীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। এর জেরে তিনি প্রথমে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে ভোররাতে তাকে হিলির উদ্দেশ্যে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে তুলে দেওয়া হয়।
কিন্তু ট্রেনটি সান্তাহার স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর একটি ব্রিজের নিকটে পৌঁছালে পারুল বেগম আবারও চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন আত্মহত্যার উদ্দেশ্যে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল-এ ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান,প্রথমে ওই নারী একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে অন্য ট্রেনে তুলে বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু পুনরায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলে আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক 




















