
বগুড়া প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বগুড়াবাসী দীর্ঘদিন ধরে যেসব অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সেগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করা হবে এবং পর্যায়ক্রমে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাবকে আধুনিক ও পূর্ণাঙ্গ অবকাঠামোয় নির্মাণের দায়িত্বও তিনি মন্ত্রী হিসেবে নেবেন বলে ঘোষণা দেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও এখনো শুকায়নি। এর মধ্যেই প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নানান কার্যক্রম শুরু করেছেন।তিনি বলেন, সরকারের ঘোষিত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে। এসব উদ্যোগ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার বার্তা দিয়েছে। সংসদ সদস্যরা কেউ সরকারি গাড়ি বা প্লট নেবেন না,এমন সিদ্ধান্ত সরকারের নতুন কর্মধারার ইঙ্গিত দেয় বলেও তিনি উল্লেখ করেন।গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং সেই জনগণের কথা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।তিনি বলেন,গণমাধ্যম রাষ্ট্রের আয়নার মতো। রাষ্ট্রের ভালো-মন্দ কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগকে কোনো দয়া বা অনুদান নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি গণমাধ্যমকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা। রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি জানান।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।এ সময় আরও বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ,বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু,জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান,বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার অসংখ্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের আর্থিক সহায়তার চেক এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা ।

প্রতিবেদক 




















