
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলা এলাকায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা ও তার স্ত্রী-সন্তানের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য পলি আক্তার অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলাদলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি এবং তাদের মাদকাসক্ত ছেলে নাফিস ফয়সাল আকাশ শুক্রবার উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা ও জাপান টোব্যাকো কোম্পানির মার্কেটিং অফিসার চপল মাহমুদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা কোম্পানির সিগারেট বিক্রির প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।তিনি আরও অভিযোগ করেন, বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছেলে আকাশের সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়ে চলেছে। কিছুদিন আগে এক তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার মাকে ছুরিকাঘাত করার ঘটনাও ঘটে। সে সময় স্থানীয়দের চাপের মুখে আবুল মুনসুর আহমেদ পাশা ছেলে আকাশকে পুলিশের হাতে তুলে দিলেও পরদিন জামিনে বের করে আনা হয় বলে দাবি করেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বিএনপি নেতা পাশা ও তার স্ত্রী-সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবেদক 




















