
শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বগুড়ার সোনাতলা উপজেলার ‘শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে নির্বাচিত হয়েছে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়।
সম্প্রতি উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ কাজী রফিকুল ইসলাম।
পুরস্কার গ্রহণের সময় প্রধান শিক্ষক জনাব মোঃ হারুনুর রশিদ বলেন, “এই অর্জন আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। উপজেলা পর্যায়ের এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আমাদের শিক্ষাকার্যক্রমকে আরও গতিশীল ও উদ্ভাবনী করে তুলতে অনুপ্রেরণা জোগাবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি শুরু থেকেই অত্যন্ত যত্নশীল। ভবিষ্যতে এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার পাশাপাশি শিক্ষার পরিবেশকে আরও আধুনিকায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদক 




















