
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে উত্তর মধুপুর ও দক্ষিণ মধুপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজারে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২০ জন আহত এরমধ্যে বিএনপি নেতা জুলফিকার রহমানের মাথায় ইটের আঘাতে গুরুত্বর হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।সংঘর্ষের সময় বাজারের একটি হোটেলের কিছু মালামাল ও দুটি দোকানের শাটার ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,রোববার বিকেলে গড়ামাড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তর মধুপুর ও দক্ষিণ মধুপুর গ্রামের যুবকদের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। পরে স্থানীয় ভাবে বিষয়টি মীমাংসাও করা হয়। কিন্তু ওই বিরোধের জের ধরে স্থানীয় একটি স্কুলে সমঝোতার কথা বলে উত্তর মধুপুরের জিয়াউলের ছেলে শাহআলম,রাকিব সহ চারজনকে দক্ষিণ মধুপুরের কয়েকজন যুবক ডেকে নেন।সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিবকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় হেলালের ছেলে লিমন তাদের রক্ষা করতে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মণ্ডমালার এক ব্যক্তির মাথায় ইটের আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে সংঘর্ষ ত্রিমুখী রূপ নেয়।এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানায়। মুহূর্তে রাস্তাঘাট দোকানপাট বন্ধ হয়ে আতংকের সৃষ্টি হয়। সরেজমিনে সোমবার সকালে গেলে রাস্তার উপর ইট ও কাঁচের টুকরা স্তপ আকারে পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্থানীয় এমদাদুল হক সহ অনেকেই জানায়,সংঘর্ষের সময় একটি ইটের স্তপ হতে ব্যাপক ভাংগা ইট নিক্ষেপ করা হয়।এছাড়াও কাঁচের বোতল ভেঙেও নিক্ষেপ করা হয়।তারা সহ অন্যান্যদের দাবি সংঘর্ষ মুহূর্তে পুলিশ না এলে প্রাণঘাতীর ঘটনা ঘটতো।
ঘটনাস্থলে অবস্থানরত পুলিশের উপ-পরিদর্শক নুর আলম জানান এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন,পরিস্থিতি শান্ত রয়েছে এবং সংঘর্ষে তিনজন আহত।নিরাপত্তার স্বার্থে বাজারে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিবেদক 


















