
স্টাফ রিপোর্টার, বগুড়া: উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার কলেজ প্রাঙ্গণে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আহমেদ এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এরপর কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলাশ।
প্রধান অতিথি রাকিবুল হাসান পলাশ বলেন, সৈয়দ আহমেদ কলেজ দীর্ঘ ৫৬ বছর ধরে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। গুণগত শিক্ষা নিশ্চিত করে এই প্রতিষ্ঠানকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।
অধ্যক্ষ সাইদুজ্জামান বলেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কলেজটি উত্তরবঙ্গের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে আসছে। গুণগত শিক্ষা নিশ্চিত করে আগামীতে কলেজটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডি সদস্য ও দিগদাইড় ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ডাঃ রাশেদ আহমেদ জুয়েল, ইঞ্জিনিয়ার সাদিকুল হক সাদিক প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কলেজের প্রতিষ্ঠাতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং আগামীতে এই বিদ্যাপীঠকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবেদক 




















