
বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এস.এ. কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়ামে এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলহাজ্ব সহিদুল হক (টুল্লু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জনাব মোঃ সাইদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আহমেদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মমিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব সদরুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল হাই নারেজ এবং ইঞ্জিনিয়ার সাদিকুল হক। এছাড়াও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব সহিদুল হক (টুল্লু) বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের এই বিদায় মানেই শেষ নয়, বরং এক নতুন উচ্চতর যাত্রার শুরু। সুখানপুকুরের এই মেয়েরাই একদিন দেশ ও জাতির সেবা করবে।
শিক্ষকরা তাদের বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের কঠোর পরিশ্রম ও সততাই হবে আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। আমাদের দোয়া ও ভালোবাসা সব সময় তোমাদের সাথে থাকবে। তোমরা যেখানেই যাও, বিদ্যালয়ের মান মর্যাদা ধরে রাখবে।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক ছাত্রী অশ্রুসিক্ত নয়নে বলেন, এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ি। প্রিয় শিক্ষক আর বান্ধবীদের ছেড়ে যেতে আমাদের কষ্ট হচ্ছে। আপনাদের দেওয়া শিক্ষা আমাদের পথ চলার পাথেয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনায় সকল শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

প্রতিবেদক 




















