
নিজস্ব প্রতিবেদক: শীতের আমেজ আর গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের মিশেলে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকায় অবস্থিত সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব ২০২৬’।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবটি ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর হরেক রকমের পিঠার ঘ্রাণে এক মিলনমেলায় পরিণত হয়।
উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে দেশীয় পিঠার পসরা সাজিয়ে বসে।
শীতের সকালের মিষ্টি রোদে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক টুকরো গ্রামীন জনপদে রূপ নিয়েছিল। শিক্ষার্থীদের তৈরি নকশী পিঠা, ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা ও দুগ্ধরাজসহ নাম না জানা অসংখ্য পিঠার ঘ্রাণে চারপাশ মউ মউ করছিল। শুধু পিঠা প্রদর্শনই নয়, বরং পিঠার নাম ও তৈরির কারিগরী দিকগুলো নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
উৎসবে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শীতের সকালে আমাদের এই পিঠা উৎসবের মুহূর্তগুলো স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। বিদ্যালয়ের এমন আয়োজন আমাদের মনকে প্রফুল্ল করে তোলে এবং গ্রামবাংলার বৈচিত্র্যময় পিঠার সাথে আমাদের নতুন করে পরিচয় করিয়ে দেয়।
অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল মান্নান বলেন, যান্ত্রিকতার এই যুগে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে পরিচিত করতে এবং পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে প্রতি বছরই এমন আয়োজন করা প্রয়োজন।

প্রতিবেদক 




















