
বগুড়ার সোনাতলা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি (সাধারণ ও কারিগরি শাখা) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ এপ্রিল ২০২৬, বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল হক টুল্লু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, কর্মচারী ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি শহিদুল হক টুল্লু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশের কারিগর। শুধুমাত্র পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, বরং দেশ ও দশের কল্যাণে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কারিগরি ও সাধারণ উভয় শাখার শিক্ষার গুরুত্ব অপরিসীম। সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সুনাম যেন তোমাদের অর্জনের মাধ্যমে আরও উজ্জ্বল হয়, সেই প্রত্যাশা করছি।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু হয়। বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জুনিয়র ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী বড় ভাই-বোনদের মানপত্র পাঠ ও স্মৃতিচারণ অনুষ্ঠানটিকে আবেগঘন করে তোলে। ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরাও বিদ্যালয়ের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রধান শিক্ষক হারুনুর রশিদ শিক্ষার্থীদের পরীক্ষার যাবতীয় নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিবেদক 




















