
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানের বরকতময় দিনগুলোতে পারস্পরিক ভ্রাতৃত্ব ও মানবিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২১শে ফেব্রুয়ারি বগুড়ার ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল রমজান মাসে গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও সামাজিক ঐক্য বজায় রাখা।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল হক টুল্ল, হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী,
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় নিয়োজিত। এই রমজানে কেউ যেন ইফতারের কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন।
হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী উপস্থিত সুধীজনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সামান্য দান এবং আন্তরিক সহযোগিতা এই মানবিক উদ্যোগকে আরও অর্থবহ ও বরকতময় করে তুলবে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।
হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে কার্যক্রম গুলো চালু আছে, অসহায় ও দুস্থদের সহায়তা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক উন্নয়নমূলক কর্মসূচি।
ইফতার শেষে মাগরিব নামাজ পর জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিশেষত ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী এবং যারা এই উদ্যোগে আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের জন্য দোয়া করা হয়।
সবশেষে উপস্থিত এতিম শিশু ও দুস্থদের সাথে নিয়ে সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।






















