
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং আয়োডিন যুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের দায়ে একটি মুড়ি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। একই সঙ্গে কারখানা থেকে ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শাজাহানপুর উপজেলার জমাদারপুকুর এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।অভিযানে জমাদারপুকুর এলাকার পাপিয়া অটো মুড়ি মিল-এ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজনসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার পাশাপাশি আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহার করে মুড়ি উৎপাদন করা হচ্ছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানের প্রতিনিধি বিলাশ দেবনাথকে ‘বিএসটিআই আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানা থেকে দুই বস্তা বা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়।এছাড়া অভিযানের অংশ হিসেবে শাজাহানপুরের বেতগাড়ী বটতলা, বনানী এলাকায় অবস্থিত রাগেব ট্রেডার্স পরিদর্শন করা হয়। সেখানে গিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ পাওয়া যায়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খান ও পরিদর্শক (মেট) মোঃ আসাদুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন এবং মানহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক 




















