
রাজধানী ঢাকায় বসবাসরত বগুড়া জেলার বাসিন্দাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ‘শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি’র উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৬ মার্চ ঢাকার একটি অভিজাত ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়) মীর শাহে আলম।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, নিজ এলাকার মানুষের সাথে ইফতার করা এবং তাদের সুখ-দুঃখের কথা শোনা অত্যন্ত আনন্দের। তিনি সমিতির এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানান।
উপস্থিত তরুণ ও সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষা ও তরুণ সমাজের আত্মসামাজিক উন্নয়নে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় তরুণ নেতা ও তারুণ্যের আইকনিক লিডার, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ, ঢাকার বিভিন্ন পেশায় নিয়োজিত বগুড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ সদস্য অংশগ্রহণ করেন। পরিশেষে সকলকে নিয়ে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদক 




















