
মাদককে না বলি, ক্রীড়াকে ভালোবাসি—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অনন্য উদ্যোগ নিয়েছে বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকার আর.কে কোচিং সেন্টারের পরিচালক রেজাউল করিম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তিনি কোচিংয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন।
নতুন ফুটবল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাথে সাথেই মেতে ওঠে এক প্রীতি ফুটবল ম্যাচে। মাঠজুড়ে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও আনন্দমুখর পরিবেশ এলাকাবাসীর নজর কেড়েছে।
এ বিষয়ে আর.কে কোচিংয়ের পরিচালক রেজাউল করিম বলেন, শিক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আমাদের নতুন প্রজন্ম যেন কোনোভাবেই মাদকের অভিশাপে জড়িয়ে না পড়ে, সেজন্য খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক কাজে এবং তাদের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।
স্থানীয়রা এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অভিভাবকরা বলছেন, এ ধরনের কার্যক্রম তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে এবং সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করবে।

প্রতিবেদক 




















