
মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে ২৬মে/২৩ শুক্রবার বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী গ্রামে ‘বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বর্তমান অবস্থা শীর্ষক এক কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রবীন শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্ব ও বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলা’র নেটওয়ার্ক সদস্য এম ফজলুল হক বাবলু, আরিফুল ইসলাম প্রমুখ। সভায় বিলকাজুলী এলাকার প্রায় ৪০ জন ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ধুনটের বিলকাজুলী এলাকায় বালুদস্যুরা বাঙ্গালী নদী থেকে অবাধে এবং অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এলাকার ভুক্তভোগীরা বেলা’র নিকট এ বিষয়ে প্রতিকার চেয়ে আবেদন করেন। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করাসহ নদী বিরোধী সকল কার্যক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবিতে ‘বেলা’ উচ্চ আদালতে একটি মামলা দায়ের করে। আদালত এ বিষয়ে একটি রুল জারি করেন এবং অবৈধভাবে বালু উত্তোলন রোধে ব্যবস্থা গ্রহণ করতে বিবাদীদের প্রতি নির্দেশ প্রদান করেন। বর্তমানে বিলকাজুলী এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আছে। তবে বাঙ্গালী নদীর বিভিন্ন স্থানে মাঝে মাঝেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। কমিউনিটি পরামর্শ সভা থেকে বাঙ্গালীসহ বগুড়ার সকল নদী থেকে অবৈধবভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রতিবেদক 




















